Type Here to Get Search Results !

ভোট দেবেন ব্যালটে, পাহারা দেবেন কেন্দ্রে কেন্দ্রে : মামুনুল হক

ডেস্ক রিপোর্ট

 স্টাফ রিপোর্টার সাদি 

২৮ জানুয়ারি

১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, এ দেশের মানুষকে যারা বঞ্চিত করেছে, যারা বঞ্চিত করতে চাইবে এ দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে ইন্নাশাআল্লাহ। ভোট দেবেন ব্যালটে, পাহারাদারি করবেন কেন্দ্রে কেন্দ্রে। আপনাদের ভোট কেউ যেন ছিনতাই করতে না পারে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে রিকশা প্রতীকের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, ‘৫৪ বছরের শোষণ, বৈষম্য ও আধিপত্যবাদী শক্তির কবল থেকে দেশবাসীকে মুক্ত করার জন্যই ২৪’-এর জুলাই বিপ্লব হয়েছিল। বাংলার দামাল সন্তানেরা বুক পেতে মাঠে নেমেছিল। বুলেটের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আবু সাঈদেরা। যে রক্ত দিয়েছিল তা প্রতিষ্ঠার জন্য এ জুলাই সনদ।‘হ্যাঁ যদি জয়লাভ করে, তাহলে গণ-অভ্যুত্থান জিতে যাবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে।’

‘না’ ভোটের পক্ষে যারা প্রচার চালাবে, মানুষ বুঝে নেবে তারা বাংলাদেশের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী দিনে কেউ যেন দেশের বিপক্ষে দাঁড়াতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের অবসান চায়। দেশের মানুষ পুরনো কাউকে ক্ষমতায় আনতে চায় না।দুর্নীতিমুক্ত ইনসাফ, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ১১ দলীয় সমর্থিত প্রার্থীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।’

মামুনুল হক বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করা হলেও ৭১-এর পর নিজ দেশের মানুষ দেশ পরিচালনা করলেও লুটপাট ও দুর্নীতির কারণে দেশের মানুষে ভাগ্যের পরিবর্তন হয়নি। সে কারণে জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের তাজা প্রাণের বিনিময়ে দেশ পুনরায় পরিবর্তনের পথে চলছে। এরই মধ্যে দেশের কয়েকটি রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো পথে পরিচালনা করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ অধিকার প্রতিষ্ঠা করতে আবারও রুখে দাঁড়াবে।এ সময় মৌলভীবাজার-১ দাঁড়িপাল্লার আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ দাঁড়িপাল্লার সাহেদ আলী, মৌলভীবাজার-৩ দেয়ালঘড়ির আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ রিকশা প্রতীকের শেখ নুরে আলম হামিদীকে ভোট দেওয়ার আহ্বান জানান মামুনুল হক।



বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসিমীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বরুণা মাদরাসার ছদরে মুহতামিম সাইদুর রহমান বর্ণভী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক মিয়াজি, মৌলভীবাজার-৩ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত দেয়াল ঘড়ির প্রার্থী আহমদ বিলাল, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম শেখ আফজল হামিদী বর্ণভী, রিকশা প্রতীকের প্রার্থীর প্রধান এজেন্ট রশিদ আহমদ হামিদী, মাওলানা হাদি আলম হামিদী।


About Us

সম্পাদকমণ্ডলীর সভাপতি: ফয়সল আহমদ