স্টাফ রিপোর্টার সাদি
০২ ফেব্রুয়ারি
| তৌফিক ওমর তানভীর |
জাতীয় ছাত্রশক্তি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থসিদ্ধির জন্য গঠিত কোনো সংগঠন নয়; বরং এটি ছাত্রসমাজের অধিকার, ন্যায়বিচার ও আদর্শিক রাজনীতির জন্য সংগ্রামরত একটি বিপ্লবী ছাত্র সংগঠন—এমন মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তি সিলেট জেলা শাখার আহ্বায়ক তৌফিক ওমর তানভীর।
তিনি বলেন, “জাতীয় ছাত্রশক্তি শুরু থেকেই আপসহীন ও আদর্শনিষ্ঠ রাজনীতিতে বিশ্বাস করে। আমরা ক্ষমতা কিংবা ব্যক্তিগত স্বার্থের রাজনীতি করি না। আমাদের রাজনীতি দেশের ছাত্রসমাজকে সচেতন, সংগঠিত ও অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে উদ্বুদ্ধ করার রাজনীতি।”
তৌফিক ওমর তানভীর আরও বলেন, “বর্তমান সময়ে ছাত্র রাজনীতিকে কলুষিত করার নানা অপচেষ্টা চলছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে জাতীয় ছাত্রশক্তি স্পষ্ট অবস্থান নিয়েছে। আমরা বিশ্বাস করি—শিক্ষা প্রতিষ্ঠান হবে জ্ঞানচর্চা ও নৈতিকতা গঠনের কেন্দ্র, কোনো স্বার্থান্বেষী মহলের আশ্রয়স্থল নয়।”
তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “ব্যক্তিস্বার্থ নয়, সংগঠনের আদর্শ ও লক্ষ্যকে প্রাধান্য দিতে হবে। ছাত্রসমাজের ন্যায্য দাবি আদায় এবং জাতির ভবিষ্যৎ নির্মাণে জাতীয় ছাত্রশক্তি অতীতের মতো আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে, ইনশাআল্লাহ।”
বক্তব্য শেষে তিনি সিলেট জেলার সর্বস্তরের ছাত্রসমাজকে জাতীয় ছাত্রশক্তির আদর্শিক রাজনীতির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
