স্টাফ রিপোর্টার সাদি
১২-০৩-২৬
![]() |
| ছবি : সিলেটে ইফতার মাহফিলে বক্তব্য দেন মাওলানা মুফতী সালিম আহমদ। |
বর্তমান যুবসমাজের বড় একটি অংশ ডিপ্রেশনে ভুগছে: মাওলানা মুফতী সালিম আহমদ
সিলেট: বর্তমান সময়ে যুবসমাজের একটি বড় অংশ মানসিক চাপ ও ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের যুগ্ম সদস্য সচিব মাওলানা মুফতী সালিম আহমদ।
বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার একটি রেস্টুরেন্টের বেনকুয়েট হলে জাতীয় যুব শক্তি সিলেট জেলার আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আহ্বায়ক জাবের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সাংগঠক শাহরিয়ার ইমন সানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ওলামা এলায়েন্সের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মাওলানা মুফতী সালিম আহমদ, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলার আহ্বায়ক জুনেদ আহমদ, সদস্য সচিব কামরুল আরিফ ,সিলেট মহানগর আহ্বায়ক এড আব্দুর রহমান আফজল এবং ছাত্র শক্তির কেন্দ্রীয় সদস্য সিদ্দিকী আবুল আলা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তব্যে মাওলানা মুফতী সালিম আহমদ বলেন,
বর্তমান সময়ে যুবসমাজের একটি বড় অংশ নানামুখী মানসিক চাপ, হতাশা ও ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। পারিবারিক চাপ, বেকারত্ব, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, সামাজিক প্রতিযোগিতা এবং প্রযুক্তিনির্ভর একাকীত্বসহ নানা কারণে অনেক তরুণ মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে।
তিনি বলেন, “ডিপ্রেশন এখন আর ছোট কোনো বিষয় নয়; এটি সমাজের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক মেধাবী ও সম্ভাবনাময় তরুণ এই সমস্যার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়ছে এবং কেউ কেউ ভুল পথেও পা বাড়াচ্ছে। তাই আমাদের সবার—পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন—সমন্বিতভাবে যুবকদের মানসিক সুস্থতার জন্য কাজ করা জরুরি।”
তিনি আরও বলেন, “যুবকদেরকে ইতিবাচক কর্মকাণ্ড, সামাজিক সেবামূলক কাজ, দ্বীনি শিক্ষা ও নৈতিক মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে তাদের জীবনে নতুন আশার আলো জ্বলবে। তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের কথা শুনতে হবে এবং তাদেরকে সঠিক দিকনির্দেশনা দিতে হবে। তাহলেই আমরা একটি সুস্থ, সচেতন ও শক্তিশালী যুবসমাজ গড়ে তুলতে পারব।”
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের নিয়ে ইফতার সম্পন্ন হয়।

