স্টাফ রিপোর্টার সাদি
১৪-০৩-২৬
![]() |
| ছবি : নাগরিক ভিউ সংগৃহীত |
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় এক বিধবা নারীকে ধর্ষণ শেষে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হাত-পা বাঁধা ও এলোপাতাড়ি কোপানো অবস্থায় তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে দলিয়ারপুর গ্রামের মৃত. শরিফ উদ্দিনের তামাক ক্ষেতের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জোবেদা খাতুন (৪৫) ওই গ্রামের মৃত. তুফান হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে জোবেদা খাতুন ছাগলের জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ইফতারের সময় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে গোপালপুর-দলিয়ারপুর গ্রামের মাঠের একটি তামাক ক্ষেতের মধ্যে হাত-মুখ বাঁধা ও এলোপাতাড়ি কোপানো অবস্থায় তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীদের ধারণা, মাঠে কাজ করা পরিচিত এক বা একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানির ভয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
দলিয়ারপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকতার হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে ঘাস কাটতে গিয়ে ওই নারী আর বাড়ি ফেরেননি। পরে স্থানীয়রা তামাক ক্ষেতের মধ্যে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এদিকে খবর পেয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার জামাল আল নাসের (ক্রাইম অ্যান্ড অপস্), সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (সদর সার্কেল) দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান (সদর সার্কেল) জানান, সুরত হাল শেষে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে দামুড়হুদা মডেল থানায় নেওয়া হয়েছে। এটি নিশ্চিত হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্ত রিপোর্ট না পেয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

